বাংলাদেশে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকট সমাধানে তার দেশ আরো গঠনমূলক ভূমিকা রাখবে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ খোঁজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন আরো ভূমিকা রাখবে। মিয়ানমার ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে রাষ্ট্রদূত জিমিং বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি যে-কিভাবে সুনির্দিষ্ট উপায়ে আগ্রসর হওয়া যায়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার নতুন প্রস্তাব দিয়েছে চীন। মধ্যস্থতার অংশ হিসেবে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করতে চায় চীন।
