‘আসসালামু আলাইকুম, কেমন আছেন...;

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২৫

 ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন। চিনতে পারছেন।’ পথচারী বা রিকশাযাত্রী দাঁড়িয়ে গেলে, আরো ৪/৫ জন তাকে ঘিরে ধরে। কেউ বলতে থাকে, আমি রতন। জাহেদের বাড়ির পাশের বাড়ি। কথোপথনের এক পর্যায়ে পথচারীর কানে ফিসফিস করে বলা হয়, ‘ কোমরে মেশিন আছে। যা আছে দিয়া দে। নইলে গুলি।’ এমন কথা শোনার পর পথচারী তার মানিব্যাগ অথবা মোবাইল ফোনটি তাদের দিয়ে নিরাপদে চলে যায়। এই অভিনব ছিনতাইকারী চক্রের নাম ‘সালাম পার্টি’। বৃহস্পতিবার ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সালাম দিয়ে ছিনতাই করা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

সালাম চক্রের গ্রেফতার হওয়া সদস্যরা হলেন—আব্দুল মান্নান ওরফে ফইরা, মিজানুর রহমান ওরফে বড়ো মিজান, জয়নাল আবেদীন ওরফে জিতু, শহিদুল ইসলাম ওরফে ঠান্ডু ও জিয়াউল হক। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারী ও রিকশার যাত্রীদের গতিরোধ করে পূর্ব পরিচয়ের অভিনয় করে সালাম দিত এবং কথাবার্তার এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করত। তাদের বিরুদ্ধে ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল বাশার জানান, গত রবিবার দুপুরে সূত্রাপুরের গভঃ মুসলিম হাইস্কুলের সামনে থেকে রাফিউল করিম হাসান নামে একজনের রিকশার গতিরোধ করে সালাম পার্টির সদস্যরা। পরে তাকে সালাম দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ঐ ব্যক্তি সূত্রাপুর থানায় মামলা করে। ঐ মামলার তদন্তে গিয়ে সালাম পার্টির সন্ধান পাওয়া যায়।

সালাম পার্টির এই চক্রটি ৪/৫ বছর ধরে কাজ করছে। তাদের গ্রুপে ১৭/১৮ জন রয়েছে। এরা ২/৩ জন ভাগ হয়ে কাজ করে। রিকশায় চড়ে এরা ছিনতাইয়ের কাজ করে থাকে। এই চক্রের সঙ্গে রিকশা চালকরাও জড়িত। এরা সাধারণত মতিঝিল, ওয়ারী, সূত্রাপুর, শাহবাগ, ডেমরা, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কাজ করে। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।