জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি একটি বিপজ্জনক চক্র। আগস্টের এই শোকের মাসে তারা জাতির জনককে স্মরণ করেনি। হত্যাকারীদের নিন্দাও জানায়নি। তারা ইঁদুরের মতো সরকারের উন্নয়নকে খেয়ে ফেলছে। সরকারের উন্নয়নের ফসল ঘরে তুলতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের পাদদেশে জেলা জাসদের প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মরণসভার জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, নাগরিক কমিটির সদস্যসচিব ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মুক্তিযোদ্ধা তোবারক হোসেন লুডু, সিপিবি কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সিনিয়র জাসদ নেতা সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, জেলা জাসদের যুগ্মসম্পাদক আসলাম খান বাবু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ প্রমুখ।
এর আগে, মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টির সড়কটির নামকরণ করা হয় প্রয়াত নেতা ইকবাল হোসেন খানের নামে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
