ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি

শোকজের জবাব না দিলে সেই ৬৯ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২৭

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে গত ৬ আগস্ট সাময়িকভাবে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থীকে এবার কারণ দর্শানোর জন্য এক সপ্তাহ সময় দিয়ে নোটিশ দেওয়া হবে। সন্তোষজনক জবাব না মিললে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত কয়েকজন সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত ৬৯ জন শিক্ষার্থীকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। শৃঙ্খলা পরিষদের গৃহীত সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে। সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বহিষ্কৃত এই ৬৯ জন শিক্ষার্থী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তাঁরা সবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত আসামি।