সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই নারী পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একটি পোশাক কারখানার সুপারভাইজারসহ দুই জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার পবনারটেক ও নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার ঐ দুই নারী আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার সদর থানা এলাকার মো. দুলালের ছেলে পলাশ খলিফা (৩২) এবং বাগেরহাট জেলার সদর থানা এলাকার নুরে আলমের ছেলে মাজেদুল ইসলাম। এদের মধ্যে পলাশ খলিফা আশুলিয়ার পবনারটেক এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাত এবং মাজেদুল নরসিংহপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজিকুল ইসলাম বলেন, গত বুধবার রাতে আশুলিয়ার পবনারটেক এলাকায় এক নারী পোশাক শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে প্রতিবেশী পলাশ খলিফা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঐ নারীর চিত্কারে আশেপাশের লোকজন বেরিয়ে এলে অভিযুক্ত পলাশ খলিফা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় ঐ নারী শ্রমিককে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এদিকে অপর আসামি মাজেদুল ইসলাম আশুলিয়ার নরসিংহপুর এলাকায় তিন মাস পূর্বে সুকৌশলে এক নারী শ্রমিকের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। এরপর ঐ নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ঐ নারীকে হত্যার হুমকিও দেয় সে। অবশেষে ঐ নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক মাজেদুলকে গ্রেফতার করে।
