জাল সইয়ে ৩৫ লাখ টাকা তুলতে গিয়ে গ্রেফতার দুই পুলিশ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:৪৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেকে জাল স্বাক্ষর দিয়ে ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা তুলতে গিয়ে গ্রেফতার হয়েছেন ঢাকা রেঞ্জের এক পরিদর্শক (ওসি) ও সহকারী উপপরিদর্শক (এএসআই)। সরকারি কর্মচারী হয়েও স্বেচ্ছায় পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে চেকে ভুয়া স্বাক্ষর করে টাকা উত্তোলনের চেষ্টার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেফতারকৃতরা হলেন, ওসি মীর আবুল কালাম আজাদ (৪৫) ও এএসআই মোস্তাফিজুর রহমান (৩৮)। গতকাল বৃহস্পতিবার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুঁইয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষক কার্যালয়ের নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা শফিকুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, আসামিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয় থেকে ৩৫ লাখ টাকার চেক সংগ্রহ করেন। তারা চেকটি নিজেরা লিখে জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক কাকরাইল শাখায় জমা দেন। চেকের স্বাক্ষরের সঙ্গে নমুনা স্বাক্ষরের মিল না থাকায় বাংলাদেশ ব্যাংক বাদীকে ফোন করে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মীর আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমানের নামে রমনা থানায় পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারায় মামলা করা হয়।