বঙ্গবন্ধুকে হত্যাকারীরা ক্ষমার অযোগ্য ------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:৫২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কখনোই ক্ষমার যোগ্য নয়। তাদের আমরা কখনোই ক্ষমা করিনি। এ জাতির তাদের কখনো ক্ষমা করবে না। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বাংলাদেশ ব্যাংক শাখা কর্তৃক বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তাদের কেউ ক্ষমা করেনি। আমরা হত্যাকারীদের দেশের বাইরে থেকে খুঁজে খুঁজে এনে ফাঁসির কাস্টডিতে তুলেছি। তারা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়।’ মন্ত্রী বলেন, ১৫ আগস্টেও কেউ ঘটা করে জন্মদিন উদ্যাপন করে। এতেই বোঝা যায়, জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত ছিল। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যে দেশের মানুষ জাতির পিতাকে হত্যা করে। লজ্জায় আমার মাথা নত হয়ে যায়।’

উল্লেখ্য স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল খামারবাড়ির গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এবং রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।