মেসি, রোনালদোকে টপকে ইউরোপ সেরা ফন ডাইক

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০১:০৬

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে ইউরোপসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। গেল মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সেরা ডিফেন্ডারের পুরস্কারটিও বগলদাবা করেছেন ডাচ এই ডিফেন্ডার। ইউরোপসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা লিওনেল মেসি অবশ্য একেবারে খালি হাতে ফেরেননি। জিতেছেন মৌসুমসেরা ফরোয়ার্ডের পুরস্কার।

গেল মৌসুমে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যের কারণে ইউরোপসেরা হওয়ার দৌড়ে ভালোভাবেই ছিলেন ডিফেন্ডার ফন ডাইক। ২০১৭-১৮ মৌসুমে দারুণ আক্রমণভাগ থাকলেও ভঙ্গুর রক্ষণভাগের জন্য ঘরোয়া ও ইউরোপীয় পরিসরে ভুগেছিল লিভারপুল। কিন্তু গেল মৌসুমে তার অন্তর্ভুক্তি লিভারপুল রক্ষণকে প্রিমিয়ার লিগের সেরা রক্ষণভাগে পরিণত করেছে। তার দুর্দান্ত পারফরম্যান্স দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারেও সহায়তা করেছে। জাতীয় দলের হয়েও বেশ সফল ফন ডাইক। বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডসকে উয়েফা নেশন্স লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করেছিলেন তিনি। যার ফলে ইউরোপসেরা বনে গেছেন তিনি। সেরা মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন ফ্রাংকি ডি ইয়ং। সেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুল গোলরক্ষক এলিসন বেকার। একই দিনে আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ড্রও অনুষ্ঠিত হয়েছে। কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাহা। রিয়াল মাদ্রিদ ও পিএসজি আছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে বায়ার্ন মিউনিখ আর টটেনহ্যাম হটস্পার। ম্যানচেস্টার সিটি আছে ‘সি’ গ্রুপে। ‘ডি’ গ্রুপে জুভেন্তাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। শিরোপাধারী লিভারপুল খেলবে ‘ই’ গ্রুপে। গ্রুপ ‘এইচ’-এ আছে চেলসি, আয়াক্স আর ভ্যালেন্সিয়া।