‘ইত্যাদি’ পুনঃপ্রচার

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:০৭

বিনোদন রিপোর্ট

 

বিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে পাহাড়-নদী-লেক আর ঝরনা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙ্গামাটিতে ধারণকৃত ইত্যাদি। রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে রাঙ্গামাটির ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের ওপর একটি প্রতিবেদন। রয়েছে রাঙ্গামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুত্ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহত্ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর। এবারের ইত্যাদিতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র্য, আর রাঙ্গামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে একটি বহুশ্রুত জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও রাঙ্গামাটির চমচমি দেওয়ান। সঙ্গে রয়েছেন স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়াও এবারের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে একটি ব্যতিক্রমী নাচ।

 ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।