নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুমহালের রয়েলিটি অফিসে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি মামলায় দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম হোসেন আকঞ্জি ও তার চার সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (দুর্গাপুর চৌকি) বিচারক স্বর্ণ কমল সেন বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা হচ্ছেন, মো. রুক্কু মিয়া, সাহদাত হোসেন, আলআমিন ও হাফিজুল।
উল্লেখ্য, চলতি অর্থবছর জেলা প্রশাসন থেকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুমহালের ১ নম্বর ও ২ নম্বর ঘাটের ইজারা পান অঞ্জন সরকার লিটন ও আলাল সর্দার। বালুমহালের ঐ দুই ইজারাদারের সঙ্গে আরো বেশকিছু লোক জড়িত। তারা লাভের জন্য টাকা বিনিয়োগ করেছেন। এ নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আকঞ্জির সাথে দ্বন্দ্ব চলছিল ইজারাদারদের। এই ইজারাকে কেন্দ্র করে গত ১ জুলাই রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রয়েলিটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে সাদ্দাম হোসেন আকঞ্জি ও তার লোকজন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। পরদিন ২ জুলাই সাদ্দাম হোসেন আকঞ্জিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দুর্গাপুর থানায় মামলা করেন বালুমহালের ইজারাদার অঞ্জন সরকার লিটন।
