থানায় দুপক্ষের পৃথক মামলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
টম্যাটো খেতে বাঁশ লাগানোর ঘটনাকে কেন্দ্র করে কমলগঞ্জে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় সুহেল মিয়া (৩৫) ও মুহিদ মিয়া (২৮) নামে দুজন আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত মুহিদ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সা প্রদান করা হয়। এ ঘটনায় থানায় দুপক্ষের পৃথক মামলা হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের হেরেংগাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুহিদ মিয়া অভিযোগ করেন, ইউপি সদস্য আছকর খাঁন প্রথমেই তার মাথায় আঘাত করেন পরে সবাই মিলে তাকে মারপিট করে। অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আছকর খাঁন ও সুহেল মিয়ার পিতা চান্দু মিয়া বলেন, প্রথমে মুহিদ মিয়া সুহেল মিয়ার মাথায় আঘাত করে রক্তাক্ত করে। খবর পেয়ে সুহেল মিয়ার অন্য ভাই ও আত্মীয়-স্বজন ছুটে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আছকর খাঁন হামলার সাথে কোনোভাবেই সরাসরি জড়িত নন এবং আহত সুহেলকে নিয়ে ব্যস্ত ছিলেন বলে দাবি করেন। এ ঘটনায় প্রথমে মুহিদ মিয়ার মা আকারুন বেগম বাদী হয়ে ২৬ আগস্ট ইউপি সদস্য আছকর খাঁনসহ ১৪ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৭ আগস্ট রজব আলী বাদী হয়ে আহত মুহিদ মিয়াসহ চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শহীদুর রহমান জানান, পৃথক দুটি মামলা হয়েছে। তবে মুহিদ মিয়া বেশি জখমপ্রাপ্ত হয়েছেন। তদন্তক্রমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
