শ্রীরামসী গণহত্যা দিবস আজ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫২

মো. আব্দুল হাই, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

শ্রীরামসী গণহত্যা দিবস আজ। জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে একাত্তর সালে সংগঠিত গণহত্যার ঘটনা স্মরণে শনিবার দিবসটি পালিত হবে। উপজেলা প্রশাসন ছাড়াও স্থানীয় শহিদ স্মৃতি সংসদ ও বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭১ সালের ৩১ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী শান্তি কমিটি গঠনের লক্ষ্যে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে শ্রীরামসী বাজারে জড়ো করে। এদের মধ্যে বেশির ভাগ লোক ছিলেন সাধারণ শান্তি প্রিয়। হানাদাররা এ সময় শান্তি কমিটি না করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে মেশিন গানের গুলি চালায়। হানাদাররা শ্রীরামসী বাজার ও গ্রামের অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। পরে শ্রীরামসীর মানুষেরা শহিদদের স্মৃতিকে রক্ষায় শ্রীরামসীতে প্রতিষ্ঠিত করে শহিদ মিনার ও স্মৃতিসৌধ। সেখানে উত্কীর্ণ আছে পরিচয় জানা শহিদদের ৩৮টি নাম। গণহত্যার দিনটিকে স্মরণ করতে প্রতিষ্ঠিত হয় শ্রীরামসী স্মৃতি সংসদ ও বধ্যভূমি সংরক্ষণ কমিটি।

শহিদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জানান, গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্রীরামসী হাইস্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।