চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
চরভদ্রাসনে হাসিনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কে এম ডাঙ্গী গ্রামে শেখ মনসুরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসিনা আক্তার ঐ গ্রামের বাসিন্দা শেখ মনসুরের পুত্রবধূ। তার স্বামী আলী আকবর সৌদি প্রবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে দোচালা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মাকে দেখে চিত্কার দেয় পাঁচ বছরের শিশু নোমান। এ সময় বাড়ির লোকজনসহ এলাকাবাসী এসে ঝুলন্ত হাসিনা বেগমকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ মৃত বলে ঘোষণা করেন।
আলী আকবরের বড় ভাইয়ের স্ত্রী রাফেজা বেগম জানান, হাসিনার সঙ্গে আলী আকবরের সম্পর্ক ভালোই ছিল। তবে গত কিছুদিন ধরে আলী আকবর বাড়ির খোঁজ খবর বিশেষ একটা রাখতো না। ফোনও বেশি করতো না স্ত্রীকে। স্বামীর এ পরিবর্তনে হাসিনা বিষণ্ন সময় কাটাতেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
