সুজানগরে গাজনার বিল থেকে পোনা ও মা-মাছ নিধন

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫৪

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল থেকে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গাজনার বিল এলাকার শারীরভিট, বস্তাল, স্বাগতা, হাটখালী, বোনকোলা, দুলাই, উলাট, খয়রান, দুর্গাপুর এবং বদনপুরসহ বিভিন্ন গ্রামে প্রায় দুই হাজার মত্স্যজীবী রয়েছে। এদের মধ্যে অসাধু মত্স্যজীবীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রত্যেক বছর বর্ষার শুরুতেই গাজনার বিল থেকে নিষিদ্ধ বেড় এবং কারেন্ট জাল দিয়ে রুই, কাতলা, টেংরা, বান, কই এবং পুঁটি মাছসহ বিভিন্ন প্রজাতির মা ও পোনা মাছ শিকার করে।

বিলপাড়ের উলাট গ্রামের জালাল উদ্দিন বলেন, প্রত্যেক বছর বর্ষা মৌসুমে বিলে সরকারিভাবে তিন-চার লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়। তাছাড়া প্রাকৃতিকভাবেও বিলে প্রচুর মাছ থাকে।

হাটখালী গ্রামের আজাহার আলী শেখ বলেন, চলতি বর্ষা মৌসুমে ঐ সব অসাধু মত্স্যজীবীরা পেট ভর্তি ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ শিকার করে প্রকাশ্যে স্থানীয় হাট-বাজারে বিক্রি করলেও দেখার কেউ নেই। এসব মা ও পোনা মাছ শিকার করার ফলে প্রত্যেক বছর শুষ্ক মৌসুমে উপজেলার হাট-বাজারে মাছের আকাল দেখা দেয় বলে বিলপাড়ের বাদাই গ্রামের ফজলুল হক জানান।

উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, শিগগিরই অসাধু মত্স্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।