হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে পানিতে ডুবে কলেজ ছাত্র ও শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আলবি (২) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আলবি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর (দঃ) ইউনিয়নের পাঁচৈ গ্রামের শাহাদাতের ছেলে। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আলবি নামে ঐ শিশু বাড়ির পাশে খেলছিল। পরে পুকুরে পড়ে যায়। আলবির দেহ পানিতে ভেসে ওঠে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (শাওন) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল শাওন। সে ঢাকার উত্তরার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। হাজীগঞ্জ সার্কেলের এএসপি আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
