জাতীয় দলের অনুশীলন ম্যাচ
স্পোর্টস রিপোর্টার
নিছক প্রস্তুতি ম্যাচ বলেই কী-না সাকিব আল হাসান দুইবার ব্যাটিং করলেন। কিন্তু দুইবার ব্যাটিংয়ে নেমেও ১৫ বলের বেশি উইকেটে স্থায়ী হতে পারেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
চারে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের করা প্রথম বলেই বোল্ড হয়েছেন। পরে আবার সাতে নেমেছেন। এবার ১৪ বলে ৯ রান করে তাইজুলের বলে এলবির ফাঁদে পড়েছেন তিনি।
সাকিবের মতোই প্রস্তুতি ম্যাচে তার নেতৃত্বাধীন লাল দলের বেশিরভাগ ব্যাটসম্যানের সময়টা খারাপ কেটেছে গতকাল। মিরপুর স্টেডিয়ামে গতকাল অনেকের ব্যর্থতার মাঝেও প্রস্তুতি পর্ব ভালোই কেটেছে মাহমুদউল্লাহ রিয়াদের। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
গতকাল পাঁচে ব্যাট করা মাহমুদউল্লাহ ১০৭ রানের ইনিংস খেলেছেন। সেখানে ১৮৯ বল খেলেছেন, চার হাঁকিয়েছেন ১০টি।
মাহমুদউল্লাহ ছাড়া বলার মতো স্কোর করেছেন আবু হায়দার রনি ও সাব্বির রহমান। রনি ৪০, সাব্বির ৩৪ রান করেছেন। ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। তিনি ২৫ রান করেছেন। ওপেনিংয়ে নেমে জহুরুল ইসলাম অমি ১৩, মিঠুন এক রান করেছেন।
বোলিংয়ে দিনভর ভালো সময় কেটেছে টেস্ট দলে ফেরা তাসকিনের। ১২.১ ওভার বোলিং করে ৪৫ রানে চার উইকেট নিয়েছেন তিনি। টেস্ট দলের আরেক পেসার এবাদত হোসেনও তিন উইকেট পেয়েছেন। তাইজুল, মোসাদ্দেক ও আরিফুল হক একটি করে উইকেট নিয়েছেন।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ আউট হওয়ার পর মাঠ থেকে সাকিবকে উদ্দেশ্য করে মুশফিকুর রহিম বলছিলেন, আজ (গতকাল) সবাই আউট হয়ে যা। কাল (আজ) আমরা ব্যাটিং করব।
দিন শেষে অবশ্য মুশফিকের কথাটা মিলে গেছে। গতকাল ৮৪.১ ওভার ব্যাটিং করে ২৬৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ লাল দল। আজ সকাল থেকে ব্যাটিং করবে সবুজ দল।
