আম্বাতি রাইডুর ইউটার্ন!

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:০৪

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে নাটকীয়ভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইডু। সেই ঘটনার দুই মাসও পার হতে পারল না। এর মধ্যেই সেই সিদ্ধান্ত পুরো বদলে ফেলেছেন রাইডু। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়া এক ইমেইলে তিনি বলেছেন, তার অবসর ছিল একটা আবেগী সিদ্ধান্ত। এখন তিনি সব ধরনের ক্রিকেট খেলতে চান।

যদিও অবসর নেওয়ার পরপর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ঠিক করেছিল তারা রাইডুকে তরুণ ব্যাটসম্যানদের নিয়ে কাজ করার সুযোগ করে দেবে। কিন্তু রাইডুকে আবার বুঝিয়ে ক্রিকেটে ফেরানোর জন্য কাজ করেছেন হায়দরাবাদের প্রধান নির্বাচক নোয়েল ডেভিড। তিনি সম্প্রতি বলেছেন, ‘রাইডুর এখনো অন্তত পাঁচ বছরের ক্যারিয়ার বাকি আছে।’

রাইডু হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে লিখেছেন, ‘আমি এই সুযোগে চেন্নাই সুপার কিংস, ভিভিএস লক্ষ্মণ ও নোয়েল ডেভিডকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার এই কঠিন সময়ে খুব সমর্থন দিয়েছেন এবং আমাকে এটা বোঝাতে পেরেছেন যে, আমার এখনো ক্রিকেট ক্যারিয়ার বাকি আছে।’

ভারতের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা রাইডু অবশ্য তার জাতীয় দলের আকাঙ্ক্ষা নিয়ে কিছু বলেননি।

তবে হায়দরাবাদের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন বলে বলেছেন, ‘আমি খুবই প্রতিভাবান হায়দরাবাদ দলের হয়ে অসাধারণ একটা মৌসুম খেলার জন্য মুখিয়ে আছি। আর আশা করছি, দলকে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী পারফরম করায় সহায়তা করব। আমাকে ১০ সেপ্টেম্বর থেকে হায়দরাবাদ দলের হয়ে খেলার জন্য পাওয়া যাবে।’

রাইডুর এই আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্তে খুবই খুশি হায়দরাবাদ দল। দলটির প্রধান নির্বাচক নোয়েল ডেভিড বলেছেন, ‘এটা আমাদের জন্য খুব ভালো একটা খবর। আমি এখনো বিশ্বাস করি যে তার সামনে অন্তত পাঁচ বছরের ক্রিকেট পড়ে আছে। আর সে তরুণদের গড়ে তুলতে সহায়তা করতে পারবে। এটা আমাদের জন্য খুব জরুরি। গত বছর তাকে ছাড়া রঞ্জি ট্রফিতে আমাদের কষ্ট করতে হয়েছে। রাইডুর যে মান ও অভিজ্ঞতা, তা হায়দরাবাদের জন্য খুব উপকারী হবে। সে যদি সব ফরম্যাটে খেলে, আমরা অবশ্যই তার কাছ থেকে বাকি খেলোয়াড়দের ওপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাব।’