জয়ে প্রস্তুতি সারল সালমারা
স্পোর্টস রিপোর্টার
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। আজ ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা সালমাদের। আর ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
লক্ষ্য আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের মূল পর্বে খেলার অভিযান আজ থেকে শুরু করছে বাংলাদেশের মেয়েরা। আজ থেকে স্কটল্যান্ডে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। আজ উদ্বোধনী দিনে বাংলাদেশ লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। মূল টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১০ উইকেটের বড়ো ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল।
স্কটল্যান্ডে আজ শুরু হতে যাওয়া বাছাইপর্বের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। এই আট দলের থেকে সেরা দুই দল, মানে দুই ফাইনালিস্ট খেলবে আগামী বছরের মূল বিশ্বকাপে। বাছাইপর্বে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। আজ ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা সালমাদের। আর ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৫ তারিখ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৭ তারিখ অনুষ্ঠিত হবে স্থান নির্ধারণী ম্যাচ। একই দিনে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এই টুর্নামেন্ট শুরু করার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ ছিলো বাংলাদেশের। সেই ম্যাচে বিশাল জয় পেয়েছে টুর্নামেন্টের ফেবারিট বাংলাদেশ দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিলো নেদারল্যান্ডস। কিন্তু মাত্র ১৬.৫ ওভারে বাংলাদেশের সামনে ৫১ রানে অলআউট হয়ে যায় তারা। ডাচদের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন স্টেরা ক্যালিস।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, শায়লা শারমিন ও খাদিজা তুল কুবরা। আর একটি করে উইকেট নেন জাহানারা আলম ও সালমা খাতুন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশকে সহজ এক জয় এনে দেন দুই ওপেনার। মাত্র ৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ২৭ বলে চারটি চারে সাজানো ২৪ রানে অপরাজিত থাকেন সানজিদা। অন্য প্রান্তে ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন আয়েশা।
গত বছর এই বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে মূল টুর্নামেন্ট খেলতে গিয়েছিলো বাংলাদেশ দল। এবারও দেশ ছাড়ার আগে অধিনায়ক সালমা খাতুন বলেছেন, তাদের প্রথম লক্ষ্য মূল টুর্নামেন্ট নিশ্চিত করা। আর এই টুর্নামেন্টে বাকিদের চেয়ে তারা যেহেতু এগিয়ে আছেন, তাই এখানে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে চান সালমারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
বাংলাদেশের সূচি
তারিখ খেলা ভেন্যু
৩১ আগস্ট বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি ডান্ডি
১ সেপ্টেম্বর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আরব্রোয়াথ
৩ সেপ্টেম্বর বাংলাদেশ-স্কটল্যান্ড ডান্ডি
৫ সেপ্টেম্বর সেমিফাইনাল -
৭ সেপ্টেম্বর ফাইনাল ডান্ডি
