পদক জয়ই লক্ষ্য রুমান সানার

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:০৬

এশিয়া কাপ আর্চারি

স্পোর্টস ডেস্ক

রুমান সানা ব্যাংককে এশিয়া কাপ আর্চারির প্রথম পর্বে স্বর্ণপদকের খুব কাছে গিয়েও তা জিততে পারেননি। রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। এখন ফিলিপাইনের ক্লার্ক সিটিতে আগামী ৮ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাটির তৃতীয় পর্বে অংশ নেবেন সানাসহ আরো তিন বাংলাদেশি আর্চার। আসছে পর্বেও পদক জয়ের পুনরাবৃত্তি ঘটাতে চান বলে জানিয়েছেন সানা।

আগামী ৭ সেপ্টেম্বর আর্চারি এশিয়া কাপ খেলতে ফিলিপাইন যাবে বাংলাদেশ দল। তার আগে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে কোচ মার্টিন ফ্রেডেরিখ দলের প্রস্তুতি এবং লক্ষ্য সম্পর্কে গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, ‘এশিয়া কাপের আসন্ন আসরে ভালো করার লক্ষ্য নিয়েই অনুশীলন করেছি আমরা। এসএ গেমসের ব্যাপারটিও আমাদের মাথায় ছিল। এখানে ভালো করতে পারলে ব্যক্তিগত এবং দলগত র্যাংকিংয়ে এর প্রভাব পড়বে। তাই ভালো কিছুর লক্ষ্য নিয়েই ফিলিপাইন যাবো আমরা।’

এ সংবাদ সম্মেলনে আর্চারির নতুন পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক আর্চারি ফেডারেশনের হাতে ৩০ লাখ টাকার চেক তুলে দেয়।

অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করার পর টোকিওতে পরীক্ষামূলক ইভেন্ট খেলতে গিয়েছিলেন রুমান সানা। সেই প্রতিযোগিতার পর আবার কোনো টুর্নামেন্ট খেলতে ফিলিপাইন যাচ্ছেন তিনি।

রুমান সানা জানালেন পদক জয়ের অভ্যাসটা ধরে রাখাই লক্ষ্য তার, ‘আর্চারি ফুটবল ক্রিকেটের চেয়ে অনেক আলাদা। এখানে ছন্দে থাকাটা জরুরি। টেস্ট ইভেন্টের পর ছুটির কারণে ছন্দে কিছুটা ছেদ পড়েছে। তবে আশা করি সামনের কিছু দিনে তা আবার ফিরে পেতে পারবো। আর সোনা জয়ের ব্যাপারটা মুখে যতো সহজে বলা যায় আদতে তা ততটাই কঠিন। ফিলিপাইনে আমার লক্ষ্য থাকবে যে কোনো পদক জয়।’

অজয় বড়ুয়ার প্রতি শ্রদ্ধা

সংবাদ সম্মেলনে শুরুতে প্রয়াত ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অজয় বড়ুয়ার প্রতি স্মৃতি রোমন্থন করে বলেন,‘আমাদের ফেডারেশনের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যে কয়েকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এর সবকটিতেই অজয় দা উপস্থিত ছিলেন। আমাদের সব সময় পরামর্শ দিতেন। আজই (গতকাল) তার মৃত্যু পরবর্তী সময়ে আমরা তাকে ছাড়া প্রথম সংবাদ সম্মেলন করছি।’ আরচ্যারি ফেডারেশন ভবিষ্যতে এই সম্মানের ধারা বজায় রাখবে বলে জানায়।