মহাকাশ যুদ্ধে নতুন কমান্ডের ঘোষণা করলেন ট্রাম্প

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:০৮

এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশযুদ্ধের জন্য পেন্টাগনের নতুন একটি কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। বর্তমান সামরিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অগ্রসর অবস্থান চীন ও রাশিয়ার চ্যালেঞ্জের মুখে পড়ায় ট্রাম্প এ সিদ্ধান্ত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের এই নতুন কমান্ড স্পেসকমের নেতৃত্ব দেবেন এয়ারফোর্স জেনারেল জন রেমন্ড।

 হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘আমেরিকার নিরাপত্তা ও প্রতিরক্ষায় মহাকাশ কেন্দ্র পদক্ষেপের আজ একটি ঐতিহাসিক দিন। মহাকাশে আমেরিকার প্রাধান্য খর্ব করার হুমকি মোকাবিলা করবে স্পেসকম।’

তিনি বলেন, ‘অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আমরা অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিক্ষিপ্ত যে কোনো ক্ষেপণাস্ত্র চিহ্নিত ও ধ্বংসে মহাকাশ কার্যক্রমে আমাদের স্বাধীনতা রয়েছে।’

ইউএস সেন্ট্রাল কমান্ডের মধ্যপ্রাচ্য এবং প্যাসিফিক কমান্ডের অধীনে পশ্চিম প্যাসিফিক ও এশিয়ায় হুমকির গুরুত্ব দিয়ে আধুনিক যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ব্যাপকভাবে স্যাটেলাইট ও মহাকাশের গভীর উচ্চতায় কার্যকর যুদ্ধবিমান তৈরি কার্যক্রম জোরদার করবে এই নতুন কমান্ড।

তবে ইউএস এয়ারফোর্স এরই মধ্যে মহাকাশযুদ্ধ কার্যক্রম ঘোষণা করেছে। স্পেসকম এই উদ্যোগ আরো জোরদার করবে। মহাকাশে সামরিক প্রস্তুতিতে স্পেসকম বিশেষ সামরিক প্রযুক্তি উদ্ভাবনী ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে।