কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উত্সর্গ করা এবং থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশকে নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই আয়োজনের মাধ্যমে বাঙালির মৈত্রীর বন্ধন আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশ্বজুড়ে বাঙালিকে প্রীতিবন্ধনে আবদ্ধ করতে বঙ্গবন্ধু সবচেয়ে বড়ো অনুপ্রেরণা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উত্সর্গ করার মধ্য দিয়ে এই সত্য আবারও প্রমাণ হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এ সংক্রান্ত এক সভায় উপস্থিত থেকে এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ও পত্রভারতীর ব্যবস্থাপনা পরিচালক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ডের সাধারণ সম্পাদক ও দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশু শেখর দে।
এই সভায় আরো উপস্থিত ছিলেন তথ্যসচিব আবদুল মালেক, সংস্কৃতিসচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশের প্রকাশকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওসমান গণি, আহমেদ মাহমুদুল হক, মেজবাহউদ্দীন আহমেদ, মাজহারুল ইসলাম, তারিক সুজাত, সাহিদুল ইসলাম বিজু, কামরুল হাসান শায়ক, মাহ্রুখ মহিউদ্দীন এবং শ্যামল পাল।—প্রেস বিজ্ঞপ্তি
