বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:১০

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন গাজীপুরে দুই জন, সিরাজগঞ্জের চৌহালীতে এক জন, শ্যামনগরে এক জন, আদিতমারীতে দুই জন ও সাতক্ষীরায় এক জন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শুক্রবার দুপুরে ঢাকা বাইপাস সড়কে ঐ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুরা এলাকার জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও তার ফুফাত ভাই চট্টগ্রামের রাউজান থানার বাবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৪)।

বাসন থানার উপ-পরিদর্শক মো. লেবু মিয়া জানান, সাদ্দাম ও রুবেল বাসন থানার জাঝর থেকে মাজুখান যাচ্ছিল। মোগরখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে।

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং চার জন আহত হয়েছে। নিহত রুহুল আলীম (২৪) এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এনায়েতপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশা এনায়েতপুর কেজির মোড় এলাকায় অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন আহত হয়। 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সাদেক হাজারী (৩০) নামে এক রাজমিস্ত্রী মারা গেছে। গত শুক্রবার সকাল ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ সড়কে খানপুর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি পারুলগাছা গ্রামের শামছুর হাজারীর ছেলে।

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা জানান, লালমনিরহাটের আদিতমারীতে মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এরা হলেন—পল্লিচিকিত্সক শাহাদাত হোসেন আজাদ  (৪৫)। আজাদ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শাহাজাহান আলী মাস্টারের ছেলে। নিহত আরেকজন হলেন—উপজেলার সদরের আদিতমারী গ্রামের আলাল হোসেনের ছেলে রিফাত (১০)।

এ ঘটনায় আরো দুই জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন—পিকআপ ভ্যানের হেলপার রবিন (২২) ও নিহত রিফাতের বড়ো ভাই রাব্বী (১৪)