বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় পাহাড়ি ঝিরি থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের কলার ঝিরি এলাকায় পাহাড়ি ঝিরি থেকে একজন গ্রাম পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম চদই ম্রো (৪৭)। সে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদুকারবারী পাড়ার বাসিন্দা পাথবু ম্রোর পুত্র। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, চদই ম্রো চৈক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে ঝিরি পার হয়ে কলার ঝিরি গ্রামের বাড়িতে যাবার সময় পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে।
