ইত্তেফাক ডেস্ক
তিন জেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী ও এক ডাকাত নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ও গতকাল শক্রবার এসব ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় পুলিশ ও দুই দল মাদক ব্যবসায়ীর ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রোকনুজ্জামান রোকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রোকন উপজেলার দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল ভোররাতে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ছড়ারকূল পাহাড়ি এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইরান (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ মোট ১৩টি অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।
