সাবেক সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম আর নেই

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:১২

লক্ষ্মীপুরের রামগতির সাবেক জাতীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ সিরাজুল ইসলাম (৮৫) আর নেই। হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন।

সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রামগতি আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি একই এলাকা থেকে পাকিস্তান জাতীয় গণপরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। তিনি ১৯৫৪ দৈনিক ইত্তেফাকের নোয়াখালী সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। 

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক মন্ত্রী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন, সাবেক সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ কৃষিবিয়ষক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।