অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা
ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে তিন জন নাইজেরিয়ান নাগরিক ও দুই জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরা হলেন— নাইজেরিয়ান অধিবাসী ইগবোজানু, ইগবো ও ইজিডিগু। এ সময় তাদের বহনকারী গাড়িচালক কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার কদমতলী গ্রামের আবুল হাসেমের ছেলে মো. সবুর মিয়া এবং তার সহযোগী ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব গুনিয়ামরা গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইমাম হোসেনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, বুধবার রাতে পরশুরাম উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তিন নাইজিরিয়ান নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ফেনীর কেতরাঙ্গা বিওপির বিজিবি টহল দল সীমান্ত পিলার ২১৭৪/এম বাংলাদেশের ভেতর থেকে তাদের আটক করে। আটক তিন নাইজেরিয়ান নাগরিকের কাছে বাংলাদেশি ভিসাসহ পাসপোর্ট থাকলেও ভারতীয় কোনো ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের কাছে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৪০), ২ হাজার ৩০০ ডলার, ১৭ হাজার টাকা, দুটি ল্যাপটপ পাওয়া যায়। ফেনীর বিজিবি-৪ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
