আন্তর্জাতিক কবিতা উত্সবে শান্তির বার্তা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

কবিতা মানুষের মনের কথা বলে, মানবতার কথা বলে। কবিতা বলে শান্তির কথা। কবিতার আশ্রয়ে মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অনুষ্ঠিত হলো—আন্তর্জাতিক কবিতা উত্সব। কথক এবং ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অব পোয়েট্রি-এর আয়োজনে গতকাল শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো—‘পোয়েট্রি ফর পিস’ শীর্ষক আন্তর্জাতিক কবিতা উত্সব। অনুষ্ঠানে বাংলাদেশের ৩৫ জন স্বনামধন্য কবি এই কবিতা সন্ধ্যায় কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে মেক্সিকোর দুই জন শীর্ষস্থানীয় কবি ডা. ইউরি যামব্রানো ও ডা. মায়রা শাভেজ অংশগ্রহণ করেন।

বিশ্বের বিভিন্ন দেশের কাব্য চর্চা ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন ও মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করার প্রত্যয়ে এই বিশেষ কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। শুদ্ধ কবিতা আমাদের মানবিক উত্কর্ষ সাধন করে। সর্বত্র সৌম্য ও শান্তির বার্তা নিয়ে সৌহার্দ স্থাপন করতে পারে। অনুষ্ঠানের কবিগণ তাদের অসাধারণ কবিতা আবৃত্তি করে দর্শকদের মোহিত করেন।

কবি নুরুল হুদা, জাহিদুল হক, নাজমা চৌধুরী, জাহাঙ্গীর ফিরোজ, সাকিব লোহানী, তারিক সুজাত, আমিনুর রহমানসহ নবীন-প্রবীণ অনেক কবি ও বিশিষ্ট সাহিত্যিকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।