ইত্তেফাক রিপোর্ট
আলতাফ মাহমুদ পদক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধে শিল্পীদের মধ্যে যারা এই দেশের জন্য লড়াই-সংগ্রাম করেছেন আলতাফ মাহমুদ তাদের অগ্রগণ্য। তিনি ছিলেন সাহসের অফুরন্ত ভান্ডার। তার চোখে যে আগুন জ্বলতো সেটাই ছড়িয়ে দিয়েছিলেন সুরের মাঝে। গতকাল শুক্রবার আলতাফ মাহমুদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শহিদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলতাফ মাহমুদ পদক প্রদান করা হয়। এ বছর আলতাফ মাহমুদ পদক পেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের দুই স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামী-আল-সাফী। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ যার সুরে মূর্ত হয়ে ওঠে, তিনি আলতাফ মাহমুদ।
গতকাল শুক্রবার ছিল তার অন্তর্ধান দিবস। একাত্তরের ৩০ আগস্ট পাকবাহিনীর হাতে বন্দি হন সংগ্রামী এই সংগীতশিল্পী। পরবর্তী সময়ে তার হদিস আর পাওয়া যায়নি। কালজয়ী এই শিল্পীর অন্তর্ধান দিবসে তার স্মরণে তারই নামাঙ্কিত পদক প্রদান করা হলো এই তিন গুণীজনকে।
পদকপ্রাপ্ত তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। তুলে দেওয়া হয় পদকের অর্থমূল্য ১০ হাজার টাকার শুভেচ্ছা উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ। কামাল লোহানীকে উত্তরীয় পরিয়ে দেন আলতাফ মাহমুদের সহধর্মিণী সারা আরা মাহমুদ। এই গুণীজনের শংসাবচন পাঠ করেন সাংস্কৃতিক সংগঠক সঙ্গীতা ইমাম। ফরিদ উদ্দিন আহমেদের শংসাবচন পাঠ করেন ফাউন্ডেশনের সদস্য আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। জামী-আল-সাফীর শংসাবচন পাঠ করেন গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুল।
শোক দিবস স্মরণে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোকের মাসে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করেছিল কবিতা ও সংগীতের সন্ধ্যার। ‘এ ট্রিবিউট টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থু্র পোয়েমস অ্যান্ড সংস’ শীর্ষক এ আয়োজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, কবিতা আবৃত্তি করেন স্বনামধন্য আবৃত্তিকার রূপা চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন আরেক জনপ্রিয়শিল্পী অণিমা মুক্তি গোমেজ। এছাড়াও কবিতা পাঠ করেন কামরুল ইসলাম। এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।
