ভারতীয় নাগরিক জিবরান হত্যা
ইত্তেফাক রিপোর্ট
যাবজ্জীবন সাজার রায় পুনর্বিবেচনা চেয়ে আসামি ইয়াসিন রহমান টিটুর করা রিভিউ পিটিশন পুনরায় শুনবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভারতীয় নাগরিক জিবরান তায়েবি হত্যা মামলায় হাইকোর্ট তাকে এ দণ্ড দেয়। পরে আপিল বিভাগ ঐ দণ্ড বহাল রাখে। যাবজ্জীবন সাজার এই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১২ সালে দাখিল করেন রিভিউ পিটিশন। ২০১৭ সালের ঐ রিভিউ পিটিশনের ওপর শুনানি হয়। ঐ বছরের ২ ফেব্রুয়ারি রিভিউর ওপর যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানায় আপিল বিভাগ। কিন্তু আপিল বিভাগের ঐ সময়কার বেঞ্চের তিন জন বিচারপতি অবসরে যাওয়ায় রিভিউর ওপর তখন রায় ঘোষণা করা হয়নি। এরপরই রিভিউর ওপর পুনরায় শুনানির জন্য আবেদন জানান রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। এরপরই গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আগামী ২৪ অক্টোবর রিভিউর ওপর শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন। আদেশের বিষয়টি ইত্তেফাককে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোমতাজউদ্দিন ফকির। তিনি বলেন, তত্কালীন প্রধান বিচারপতি এস কে সিনহা রিভিউটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। কিন্তু রায় দেওয়ার আগেই তিনি অবসরে যান। এছাড়া বর্তমানে আপিল বেঞ্চে যারা বিচারপতি রয়েছেন তাদের অনেকেই এ মামলার শুনানিতে ছিলেন না। এ কারণে পুনরায় রিভিউর শুনানি হবে।
চট্টগ্রাম সেন্ট্রাল মেরিটাইম (বিডি) লিমিটেডের প্রিন্সিপাল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত থাকাকালে ১৯৯৯ সালের ৯ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে জিবরান তায়েবিকে আগ্রাবাদের শেখ মুজিব রোডের চুংকিং রেস্টুরেন্টের সামনে গুলি করে হত্যা করা হয়।
