বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর নিউ কলেজ রো এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় অপহূত আবু সুফিয়ান ইমুর পিতা জসীমউদ্দিন বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়ারি করেছেন (যার নং-১৪৭১)। অপহূত ইমু বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং সে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের ৩০৯ নম্বর কক্ষে থাকতেন। গতকাল শুক্রবার সাধারণ ডায়ারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আবু সুফিয়ান ইমুর বন্ধু জুবায়ের মাহমুদ ফোন করে ইমুর বাবা জসীমউদ্দিনকে জানায় যে, অজ্ঞাতনামা তিনজন লোক দুটি মোটরসাইকেল যোগে বিএম কলেজের পেছনে কলেজ রো এলাকা থেকে ইমুকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। তখন ইমুর দুটি ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে মাঝেমধ্যে অন থাকে। ইমুকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে এই ডায়ারি করেন পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডের বাসিন্দা ও অপহূত ইমুর বাবা জসীমউদ্দিন।
এদিকে জানা গেছে, আবু সুফিয়ান ইমুর ফোন থেকে কল করে বাবা জসীমউদ্দিনের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। সেই মোতাবেক জসীমউদ্দিন ১৫ হাজার টাকা পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত ইমুর কোনো খোঁজ মেলেনি।
