তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক, সেটা বিএনপি চায় না। রোহিঙ্গাদের দিয়ে রাজনীতি করাই বিএনপির মূল উদ্দেশ্য। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ যে পথে হাঁটছে সেটিই সঠিক পথ। কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাবে না। বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যেভাবে রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি শুরু করেছেন তাদের কথাবার্তায় মনে হয় রোহিঙ্গারা দেশে ফিরে যাক সেটা তাদের উদ্দেশ্য নয়। গতকাল শুক্রবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও সিএমপি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যা শুধু ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে নয়, সেটি ছিল স্বাধীন বাংলাদেশ নামের রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্র। ১৯৭১ সালে দেশি বিদেশি এবং আন্তর্জাতিক যেসব শক্তি বাংলাদেশের অভ্যুদয় চায়নি তারাই মূলত বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছিল। সেটার প্রমাণ হলো বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রথমে জাতীয় পতাকা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, পরবর্তীতে প্রবলভাবে আভ্যন্তরীণ বিরোধিতার কারণে সেটা করা সম্ভব হয়নি।
সিএমপি’র সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ। বক্তব্য দেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান।
