বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা। সোনার বাংলার স্বপ্ন দেখা জাতির জনককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে তার স্বপ্নকে তো খুনিরা মারতে পারেনি। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ দেশ অনেক আগেই সোনার বাংলা হতো।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারা দেশের মতো রূপগঞ্জেও ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। রূপগঞ্জের এমন কোনো এলাকা নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রবি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান খান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
