বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর টিএন্ডটি কলোনি স্কুলের মাঠে কয়েক জন শিশু খেলতে গেলে মাঠে খুঁড়ে রাখা গর্তের পানিতে ডুবে হোসেন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসেন আলী মরকুন পশ্চিমপাড়া এলাকার বিল্লালের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক রুহুল আমিনের ছেলে। সে টিএন্ডটি কলোনি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।
নিহত শিশুর মা পুতুল বেগম জানান, দুপুর দেড়টার দিকে মো. হোসেন আলীসহ তার দুই সন্তান অন্য বন্ধুদের সঙ্গে টিএন্ডটি কলোনি স্কুলের মাঠে খেলতে যায়। একপর্যায়ে মাঠে খুঁড়ে রাখা একটি গর্তের পানিতে সে পড়ে যায়। এসময় অন্য শিশুরা চিত্কার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করে এবং টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন জানান, টিএন্ডটি কলোনি স্কুলে সরকারি অনুদানে একটি বহুতল ভবনের কাজ চলছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজন তাদের কাজের সুবিধার্থে স্কুলের মাঠে গর্ত করে রাখে। সেই গর্তে জমে থাকা পানিতে পড়েই মারা যায় শিশু হোসেন আলী।
অপরদিকে একই দিন বিকালে স্থানীয় পাগাড় টেকপাড়া এলাকায় স্ত্রী সালমাকে (৩৬) বাঁচাতে গিয়ে সবজি ব্যবসায়ী আ. সালাম (৪২) বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। নিহতের স্বজনরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে গৃহবধূ সালমা আক্তার ভেজা কাপড় তারে শুকাতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত ঐ তারে জড়িয়ে পড়েন। তখন তার স্বামী সালাম ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলে সালমা বেঁচে যান। কিন্তু বাঁচতে পারেননি সালাম। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত সালামকে বাড়ির লোকজন উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এসব ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
