আইসিসি’র টিএফভি-এর নির্বাহী পর্ষদে নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রদূত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৩

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল আইসিসি’র ট্রাস্ট ফান্ড ফর ভিক্টিমস (টিএফভি) -এর নির্বাহী পর্ষদে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। রোম স্ট্যাচু’র আন্তর্জাতিক অপরাধ আদালতের ১৭তম সদস্য রাষ্ট্র সমূহের এসেম্বলিতে ১২৩ সদস্যের ভোটে তিনি নির্বাচিত হন। 

নির্বাচনে রাষ্ট্রদূত বেলাল বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত এবং সমর্থিত প্রার্থী ছিলেন। এই নির্বাচন দি হেগস্থ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় রাষ্ট্রদূত বেলালের জোরালো এবং সাফল্যময় ভূমিকার ফসল বলে বলা হচ্ছে। 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার সম্মুখীন হওয়ার ইতিহাস সবসময়ই বাংলাদেশকে যুদ্ধ-বিগ্রহে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করার জন্য উদ্বুদ্ধ করে আসছে। ফলশ্রুতিতে এই নির্বাচন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে ফুটে উঠেছে।  

রাষ্ট্রদূত বেলাল ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০১৫-২০১৭ সময়ে ওপিসিডব্লিউ-এর নির্বাহী পরিষদের চেয়ারপার্সন হিসেবে দায়িত্বপালন করেছেন।

এছাড়াও তিনি ২০১৫-২০১৬ সময়ে আইসিসি’র ফ্যাসিলিটেটর অফ ভিক্টিমস-এর দায়িত্ব পালন করেন। আইসিসি’র ট্রাস্ট ফান্ড ফর ভিক্টিমস-এর নির্বাহী পর্ষদের পাঁচটি আসন পৃথিবীকে পাঁচটি অঞ্চলে ভাগ করে বরাদ্দ করা হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ক্ষতিগ্রস্থদের ন্যায়বিচার নিশ্চিতে কেবলমাত্র অপরাধীদের বিচারই করে না, ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সংস্থাটি ক্ষতিগ্রস্থদের শারীরিক এবং মানসিক দুর্দশা লাঘবে সহায়তা প্রদান করে থাকে। নির্বাহী পর্ষদের সদস্যরা ফান্ডটির পরিচালনা এবং এর আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন।  

ট্রাস্ট ফান্ড ফর ভিক্টিমস-এর দুটো দায়িত্ব হলো আইসিসি’র আওতাধীন দেশসমূহে যুদ্ধ-বিগ্রহে (যেমন গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ) ক্ষতিগ্রস্থদের এবং তাদের পরিবারকে সহায়তা প্রদান এবং আদালতের নির্দেশনা অনুযায়ী যুদ্ধের ক্ষতিপূরণ আদায়। ট্রাস্ট ফান্ডের কার্যক্রম আইসিসি’র সদস্য দেশ সমূহের স্বপ্রণোদিত চাঁদা, ব্যক্তি পর্যায়ের চাঁদা এবং বিভিন্ন দন্ড ও জরিমানার মাধ্যমে আহরিত অর্থের মাধ্যমে পরিচালিত হয়। 

ট্রাস্ট ফান্ড ফর ভিক্টিমস-এর সদস্য ছিলেন এমন প্রসিদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে জর্ডানের রাণী রানিয়া আল-আবদুল্লাহ, কোস্টারিকার প্রাক্তন প্রেসিডেন্ট নোবেল শান্তি পদক বিজয়ী অস্কার আরিয়াস সানচেজ, নোবেল শান্তি পদক বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু উল্লেখযোগ্য। 

আইসিসি’র ১৭তম সদস্য রাষ্ট্র সমূহের এসেম্বলি, যেখানে বাংলাদেশ ২০১০ সালে আইসিসি’তে যোগদানের পর প্রথমবারের মতো এই সংস্থাটির ব্যুরো মেম্বার (১২৩টি দেশের মধ্যে মাত্র ২১টি দেশ যার সদস্য) নির্বাচিত হয়েছে, আইসিসি’র ২০ বার্ষিকীও উদযাপন করছে।  

ইত্তেফাক/এসআর