কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীল দেশি-বিদেশি চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে। পঁচাত্তরের হত্যাকাণ্ডে পর্দার আড়ালে যারা ছিল সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার। তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনিই এই হত্যাকাণ্ডের প্রধান কুশীলব। তিনি খুনিদের সবপ্রকার সুযোগ-সুবিধা দিয়েছেন। ইনডেমনিটি অধ্যাদেশ সংসদে পাশ করিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করেছেন।
গতকাল শুক্রবার রাজধানীর খামার বাড়ির আ ক মু গিয়াসউদ্দিন মিলকি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিএস (কৃষি) পরিষদের মহাসচিব মোজাম্মেল হোসেন, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ প্রমুখ বক্তব্য রাখেন।
