জাতীয় পার্টিকে বিভক্ত করার পাঁয়তারা করা হচ্ছে :জি এম কাদের

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০০:১২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আজ জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ পার্টিকে বিভক্ত করার পাঁয়তারা করছে। কিন্তু আমি বলি জাতীয় পার্টি বিভক্ত নয়। আমরা ঐক্যবদ্ধ আছি। কেউ জাতীয় পার্টিতে ফাটল ধরাতে পারবে না।

গতকাল শুক্রবার বিকেলে বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের আয়োজনে জাপার সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম উপলক্ষ্যে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, উপজেলা প্রদ্ধতি চালুর অবদান এইচ এম এরশাদের। তিনি যখন দেশ পরিচালনা করেছেন তখন দেশে যে উন্নয়ন হয়েছে তা কোনো সরকারই করতে পারেনি। দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়ন ভুলতে পারেনি। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী রওশন এরশাদ বলেন, আমি আজ বন্দরে এসে দেখলাম হুসেইন মুহাম্মদ এরশাদকে মানুষ কত ভালবাসে। এত মানুষের দোয়া বিফলে যায় না। অবশ্যই আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন।

দোয়া অনুষ্ঠানে সেলিম ওসমান এমপি বলেন, আমরা উন্নয়নের রাজনীতি করি। জাতীয় পার্টি শান্তির সঙ্গে থাকে। শান্তির শিক্ষাই আমাদের হুসেইন মুহম্মদ এরশাদ সাহেব দিয়ে গেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এইচ এম এরশাদের সন্তান সাদ এরশাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।