ঘোড়ার মাংস বিক্রির দায়ে তিন জনের জেল-জরিমানা

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০০:২২

দিনাজপুরের বিরলে ঘোড়া জবাই করে ২০০ টাকা কেজি দরে মাংস বিক্রি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘোড়ার মাংস খাওয়া যাবে—এমন কথা বলে এই মাংস বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার মুসল্লিরা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িত কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও কাঠ ব্যবসায়ী কাইয়ুম আলীকে ছয় মাস করে কারাদণ্ড ও রায়হান আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। 

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিরল উপজেলার কাজীপাড়া গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর জানান, ঘোড়া জবাই করা আইনগতভাবে নিষিদ্ধ। এদিকে এই ঘোড়ার মাংস কিনে খাওয়ার পর থেকে গা-ঢাকা দিয়েছে ঐ এলাকার প্রায় অর্ধশত মানুষ।