g তানভীর আহাম্মেদ
জিহান ভাই। সম্প্রতি ইলেকশনে নমিনেশন নিয়ে প্রচারণায় নেমেছেন। ছোটখাটো একটা দল থেকে নমিনেশনও পেয়েছেন তিনি। এলাকায় রাজনীতিতে তাকে তেমন মুখ্য বা গৌণ কোনো চরিত্রেই দেখা যায়নি। তবে এলাকায় তিনি অ্যাকটিভ ফেসবুক ইউজার নামে ভালোই পরিচিত। অনেক ফলোয়ার তার। চ্যাটিং সেলিব্রিটি হিসেবেও তার একটা ভালো পরিচিতি আছে। এই ‘চ্যাট সেলিব্রিটি’ উপাধি এবং এত ফলোয়ার হওয়ার পিছনেও কারণ আছে।
তিন-চার মাস আগে তিনি চ্যাটে পটিয়ে আমেরিকা থেকে এক সুন্দরীকে এই দেশে নিয়ে এসেছেন। ওই সুন্দরী প্রেমের টানে সব ছেড়ে চলে এসেছে জিহান ভাইয়ের কাছে। এই ঘটনা তোলপাড় হলে এলাকায় তার নাম ছড়ায়। চ্যাটে আমেরিকার মেয়ে পটিয়েছেন বোঝাই যায় ইংরেজি ভাষায়ও তিনি বেশ পারদর্শী। তো যাক সে কথা। সেদিন যে দল থেকে তিনি নমিনেশন কিনেছিলেন সেই দলের মহাসচিব তাকে এককভাবে ডাকে, ‘জিহান সাহেব, রাজনীতিতে আপনার তো ইনভোলভমেন্ট নাই। তা কি বুঝে আপনাকে আমরা সিলেক্ট করব?’
—রাজনৈতিক নেতা হিসেবে আমাকে কেউ চিনে না ঠিক। কিন্তু স্যার আমার ফেসবুক ফলোয়ার, লাইক, কমেন্ট দেখলেই বুঝবেন এলাকায় জনপ্রিয়তা কেমন!
—তার মানে লাইক কমেন্ট দেখিয়ে আপনি সিলেক্ট হতে চাচ্ছেন?
—না স্যার। বুঝাতে চাচ্ছি যে এলাকায় আমার নাম আছে। আপনি আমাকে সিলেক্ট করে দেখেন, কীভাবে আসন উপহার দেই। আমি সুন্দরী মেয়ে পটিয়ে বিয়ে করেছি। আর পাবলিক পটিয়ে ভোট নেওয়া ব্যাপার না স্যার।
—মেয়ে পটানো আর পাবলিক পটানো এক জিনিস?
—এই মেয়ে সে মেয়ে না। আমেরিকান মেয়ে। এমনভাবে মোটিভেট করছি যে আমেরিকা ছেড়ে এখন আমার বাড়িতে। আর সেটাই আমার একটা ইমেজ তৈরি করেছে।
—তাই নাকি! পটানোতে দেখি আপনে অভিজ্ঞ লোক। তা পেশায় কি আপনার পরিচয় মেয়ে পটানো হবে? আর এই পেশার লোককে মানুষ ভোট দিবে?
—না স্যার। পেশায় আমার পরিচয় মোটিভেটর। এইটা আরও স্মার্ট পেশা।
—তা আপনে পাশ করবেন এতে কত পার্সেন্ট আশাবাদী?
—১০০% কারণ প্রচারণায় আমার বউ থাকবে সাথে। আশা করি আমার সুন্দরী বউয়ের রিকোয়েস্ট কেউ ফেলবে না। শত হলেও বিদেশি। আর মোটামুটি সবার আইডি আমি এড করে রাখব। সবাই আমার চ্যাট লিস্টে থাকবে।
—চ্যাট লিস্টে থেকে কী লাভ?
—এত হেঁটে হেঁটে প্রচারণা কে করবে স্যার। চ্যাটেই সবার সাথে নিয়মিত যোগাযোগ করব। এতে কষ্ট কম। এক মেসেজ কপি করে নিয়ে সবার সাথে চালিয়ে দিতে পারব। আর মানুষকে এখন আর বাড়ি পাওয়া যায় কম, নানা জায়গায় থাকে। তবে অনলাইনে সবাই অ্যাভেইলেবল।
—বাহ বুদ্ধিমান আপনে। আসলে আপনি যোগ্য। আপনি সিলেক্টেড। তবে পাবলিক পটাতে হবে কিন্তু।
—হ্যাঁ স্যার, অবশ্যই। আপনাকে যেহেতু পটাতে পেরেছি, পাবলিকও নিশ্চয়ই পটবে!
