‘বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল’

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৯:৪৪

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, 'বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।' শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের মাগফেরাত কামনায় ৬০ হাজার ৭৫ বার পবিত্র কোরআন খতমের আখেরি মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর স্বাধীনতাবিরোধীরা সত্যকে অস্বীকার করে মানুষকে বিপথগামী করে স্বাধীনতার সঠিক ইতিহাসকে ভূলুণ্ঠিত করতে চেয়েও ব্যর্থ হয়েছে। স্বাধীনতার পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ছিল কাপুরুষ।'

তিনি আরও বলেন, 'জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক তা পূরণ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যেখানেই তার হাতের স্পর্শ রেখেছেন সেখানেই সোনা ফলছে। তিনি মানুষের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।'

আরও পড়ুন:  সড়কের শৃঙ্খলা ফেরাতে আইন মানার সংস্কৃতি চালু করতে হবে: ডিএমপি কমিশনার

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ। পরে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবা অধিদফতরের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে ক্যাপিটেশন গ্রান্টভুক্ত এতিমখানা ও শিশু পরিবারের নিবাসীরা আগস্ট মাসে ৬০ হাজার ৭৫ বার পবিত্র কোরআন খতম করেন। এ উপলক্ষে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিসৌধে দোয়া মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদফতর ও এর আওতাধীন ১ হাজার ৩২টি কার্যালয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দোয়া মাহফিল ও আখেরি মোনাজাতে অংশ নেয়।

ইত্তেফাক/জেডএইচডি