শীতের দাপট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭

 

বাংলা মাস অনুযায়ী এখনো শীতকাল শুরু না হলেও বাস্তবে কিন্তু শীত ঠিকই চলে এসেছে। এবার এই শীত নিয়ে জনগণের অবস্থা জানাচ্ছেন লেপের নিচে লুকিয়ে থাকা ঠাট্টারু সুদিপ্ত কুমার নাগ

ও কার্টুন এঁকেছেন মেনন খান

সবার শীতকালে ভোরবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু আপনার ভোরবেলা ঘুম থেকে উঠতে মোটেও কষ্ট হয় না কেন?

আমি রাতে ফেসবুকে চ্যাটিং শুরু করি আর সকালে ঘুমাতে যাই। এজন্য ভোরবেলা আমি জাগাই থাকি, তাই ভোরবেলা ঘুম থেকে উঠতে মোটেও কষ্ট হয় না।

আপনি কীভাবে বুঝলেন যে, এবার শীতে ঠাণ্ডার তেমন প্রভাব থাকবে না?

এবার শীতের মধ্যে নির্বাচনের জন্য দেশ গরম থাকবে, তাই এবারের শীতে ঠাণ্ডার তেমন প্রভাব থাকবে না।

তুই বলছিস যে, শীতকালে গোসল করার থেকে কঠিন কাজ আছে। সেটা কী?

ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটায় বাস ধরার চেয়ে কঠিন কাজ আর কিছু নাই।

স্কুল-কলেজে শীতকালীন ছুটি দেওয়া হয়, কিন্তু অফিসে শীতকালীন ছুটি দেওয়া হয় না কেন?

অফিসে যদি শীতকালীন ছুটি দিত, তাহলে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত!