ভোটারের প্রস্তুতি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮

 

g ব্রত রায়

 

ভোট হলো এক যজ্ঞ বিশাল, বিরাট আয়োজন

কম করেও পুড়বে তাতে ঘৃত হাজার মণ!

ব্যস্ত মহা ভোটের যারা আয়োজনে থাকে

নাকের পানি চক্ষে মেশে, চোখের পানি নাকে!

 

প্রার্থী যারা তাদের লাগে প্রস্তুতি কি কম?

নাওয়া-খাওয়া ভুলবে তারা, বড্ড পরিশ্রম!

ভোট যারা দেয়—ভোটার যারা—প্রস্তুতি নেয় তারাও

অবাক হলে? বলছি খুলে—একটু শুধু দাঁড়াও!

 

প্রস্তুতি নেয় নানান রকম এই যে ভোটার সকল

এই ক’টা দিন কানের ওপর বড্ড যাবে ধকল!

মিছিল, স্লোগান, জনসভা—বাজতে থাকে মাইক

শুনতে হবে তিনবেলা রোজ নাই বা করো লাইক!

 

জনসভা, মিছিল হবে, বাড়বে ট্র্যাফিক জ্যামও

শব্দ, ধুলা ইত্যাদিতে হবে নানান ব্যামো!

যখন তখন প্রার্থী এসে নাড়বে কড়া দোরে

দরজা তোমায় খুলতে হবে রাত্রি, দুপুর, ভোরে!

 

দিনের ভিতর একশত বার হয় মেলাতে হাতও

কবজি-কনুই ব্যথা হবে, হবে চোয়াল-দাঁতও!

হাসতে হবে তাদের কথায় সেই হাসিতে ফাঁকি

বুকের সাথে বুক মেলানো—চলবে সেটাও নাকি!

 

কতজনে সালাম দেবে জবাব দেওয়াও চাই

কেউ তোমাকে বলবে চাচা, কেউ বা বড়ভাই!

প্রার্থী দেবে তোমায় কত মিথ্যে প্রতিশ্রুতি

শুনতে হবে হাসিমুখে ধৈর্য হলেও চ্যুতি!

 

ভোটের দিনে কেন্দ্রে যদি হয় রে বিরাট ভিড়

পায়ের ব্যথায়, রোদের তাপে হও যদি অস্থির—

আগে থেকেই প্রস্তুতি নাও এসব মোকাবিলায়

ভোটের সকল কষ্ট তখন উড়িয়ে দেবে হেলায়!

 

কষ্ট করে একটু নিও নৈতিকতার পাঠ

নোংরা কাদায় পিচ্ছিলতায় ভরা ভোটের মাঠ!

ভোট দিও বাট নিজের মাথা বিক্রি ক’রো নাকো

ভোটের খেলায় সেইটাকে বস্ উঁচু করেই রাখো!

 

ধর্ম এবং নানান রকম বিভেদ যারা করে—

তোমার দামি ভোটটা যেন না যায় তাদের ঘরে।

যারা ছড়ায় গুজব, দেখায় বিভিন্ন ভয়ভীতি

তাদের সাথে ভোটের আগেই সব রিলেশন ইতি!

 

নিজের বিবেক, বুদ্ধি দিয়ে যোগ্য যাকে লাগে—

ভোট তাকে দাও, হিসাব মেলাও কী করেছেন আগে!

ভালো মানুষ না-ই যদি পাও, অল্প-খারাপ যিনি—

ভোট তাকে দাও, থাকবে এদেশ তোমার কাছে ঋণী।

 

দেশের কাজে আগ্রহ যার তাকেই তুমি বাছো

কী কারণে দুষ্ট লোকের মিষ্টি কথায় নাচো?

প্রস্তুতি নাও, প্রস্তুতিতে চাই না থাকুক ফাঁক

অনেক কিছু শিখিয়ে দিলাম, আজ এটুকুই থাক!