[আজ আন্তর্জাতিক পশু অধিকার দিবস]
g সাঈদ সাহেদুল ইসলাম
অনেক পশুর আবাস বনে
সে বন কেটে দখলে-
নিচ্ছে মানুষ; তাই প্রাণীরা
থাকছে এখন ধকলে।
আবাস ছাড়া হুমকি বাড়ে
মরছে প্রাণী অকালে,
কাল ছিল যে অনেক পশু
অল্প তা আজ সকালে!
মারলে প্রাণী এই পরিবেশ
হারায় যে ভারসাম্যটা,
প্রাণীবিহীন মানুষকে তাই
গুণতে হবে দাম মোটা!
অনেক মানুষ স্বার্থ-লোভে
মারছে পশুপ্রাণীকে,
কেউ পারে না মুছতে শুধু
স্বার্থলোভীর গ্লানিকে!
পশু অধিকার দিবস নিয়ে
মানুষ কত কী করে,
যেমন ডগায় ঢালছে পানি
কুঠার মেরে শিকড়ে!
প্রাণীর আবাস নষ্টে মানুষ
থাকতে যে চায় মঙ্গলে,
ছুটলে প্রাণী—লোকালয়ে?
মানুষ যাবে জঙ্গলে?
