সায়েন্স ল্যাবে পুলিশের ওপর হামলার দায় স্বীকার আইএসের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৯

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স শনিবার রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।  

সাইট ইন্টেলিজেন্স জানায়, ঢাকায় পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। 

শনিবার রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহতরা হলেন- এ এস আই (এ বি) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল ইসলাম (৪০)। 

জানা গেছে, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। এ এস আই দু’পায়ের হাঁটুর নিচে আঘাত পান। কনস্টেবলের ডান হাতের আঙ্গুলে বোমার আঘাত রয়েছে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি গতকাল বলেন, 'আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েছে। এ ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।' 

ইত্তেফাক/এসআর