বিনোদন ডেস্ক
বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। স্টাইলে যেমন প্রশংসনীয় তেমনি অভিনয় দিয়েও অনেকের আইকন এই তারকা। তবে এই বছরটা যেন খুব একটা ভালো গেল না তার। বছরের প্রথম সিনেমা ‘এব লাড়কি কো দেখাতো এইসা লাগা’ মুক্তি পায় ফেব্রুয়ারিতে। ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমার বক্স অফিস কালেকশন মাত্র ৪৫ কোটি রুপি। আর ভক্তদের প্রত্যাশার জায়গাটাতেও ঠিকমতো নাড়া দিতে পারেননি সোনম। আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সোনমে নতুন সিনেমা ‘দ্য জোয়া ফ্যাক্টর’। আর এটিই তার এ বছরের শেষ সিনেমা। তাই এ বছর সিনেমা দিয়ে আলোচনায় থাকতে হলে এটিই তার শেষ ভরসা। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার। দর্শকদের সাড়াও বেশ ভালো। তাই এই সিনেমা নিয়ে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। দলকির সালমান ও সোনম কাপুর অভিনীত ‘দ্য জোয়া ফ্যাক্টর’ একটি প্রেমের গল্প, যার প্রেক্ষাপটে রয়েছে ক্রিকেট। পেশাগত কারণেই ইন্ডিয়ান ক্রিকেট টিমের সংস্পর্শে আসে জোয়া, যার জীবনটা ব্যাডলাকে পরিপূর্ণ। একের পর এক ব্রেকআপ আর চাকরির টেনশনে জোয়া দু-চোখে দেখতে পারে না ১১ বনাম ১১ এই খেলাটি। অথচ কাজের প্রয়োজনে তাকে প্রায়ই ছায়ার মতো ঘুরতে হয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এই ছবিতে মুখ্য চরিত্রে আরো রয়েছেন সঞ্জয় কাপুর, অঙ্গদ বেদী, মনু ঋষি, সিকন্দর খের ও রাহুল খন্না।
