পুঁজিবাজারে সূচক আরো কমেছে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮

 ইত্তেফাক রিপোর্ট

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের শুরুর দিনেই সূচক আরো কমেছে। গতকাল রবিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রায় ৬০ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট ৩৫১টি কোম্পানির ৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৪৩২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩২ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকার। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ০৯ পয়েন্ট কমে ৫০৭০ দশমিক ৬৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৭৯১ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১১৭৮ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, গ্লোবাল ইন্সুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., রূপালী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও আল-টেক্সটাইল। অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০০ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।