ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ভাষণ অনুষ্ঠানে যাওয়ার সময় লিফটে আটকে পড়েন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বৈদ্যুতিক গোলযোগের কারণে তিনি প্রায় ২৫ মিনিট লিফটে আটকে থাকেন। রবিবার পোপের লিফটে আটকে পড়ার এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। খবর বিবিসি'র।
লিফট থেকে বের হয়ে তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শহরের সেন্ট পিটার্স স্কয়ারে নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পর একটি ভাষণ অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে তিনি হাসিমুখে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, 'আমি এই বিলম্বের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই আপনারা সবাই দমকল বাহিনীকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানান।'
আরও পড়ুন: কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ
সমবেত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফট বন্ধ হয়ে যায়। তবে সৌভাগ্যের বিষয়। দমকল বাহিনীর সময় মতো চলে এসেছিল। তাদের প্রায় ২৫ মিনিটের চেষ্টার পর লিফট আবারও সচল হয়। তাদেরকে অশেষ ধন্যবাদ।'
ইত্তেফাক/জেডএইচডি
