‘হকিতে নতুন যুগের সূচনা’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৭

রিতুদের লক্ষ্য অন্তত এক জয়

উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি

স্পোর্টস রিপোর্টার

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ দিয়ে প্রথমবারের মতো বিদেশি কোনো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। প্রতিযোগিতাটিকে সামনে রেখে গতকাল রবিবার রিতু খানমকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকে দেশের হকি ইতিহাসে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল।

অধিনায়ক রিতু জানালেন দেশের নারী হকির ইতিহাসে প্রথম এই টুর্নামেন্টে অন্তত একটি জয়ই তাদের লক্ষ্য। এ লক্ষ্য নিয়ে আগামী ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে দলটি।

এএইচএফ কাপের প্রস্তুতি হিসেবে সম্প্রতি স্পোর্টস অথরিটি ইন্ডিয়ার বিপক্ষে ছয় ম্যাচের প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। ছয়টিতেই হারের কবলে পড়েছিলেন রিতুরা। তবে সিরিজটি থেকে মৌলিক এবং কৌশলগত বিষয়ে অনেক কিছু শিখেছে মেয়েরা, জানালেন উপদেষ্টা কোচ বানসাল। ভারতীয় কোচের ভাষায়, ‘সাই অ্যাকাডেমির মুখোমুখি হওয়ার আগে মানসম্পন্ন কোনো দলের বিপক্ষে খেলেনি মেয়েরা। ছয় ম্যাচের সিরিজটি থেকে তারা কৌশলগত ও মৌলিক বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখতে পেরেছে।’

একই কথা ঝরে পড়ল দলের সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীবের কণ্ঠে, ‘দলের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। সিঙ্গাপুরে সাই অ্যাকাডেমি সিরিজের অভিজ্ঞতা কাজে দেবে। কেননা ভারতীয় এই দলটা এএইচএফ কাপের অনেক প্রতিপক্ষের চেয়ে বেশি শক্তিশালী।’

আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে নারীদের দেশের হকিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন উপদেষ্টা কোচ বানসাল। তার ভাষ্য, ‘যখন আমি এখানে এসেছিলাম, তখন এত ভালো সব স্টাফ আর দল পাব কল্পনাও করিনি। এদের শেখার আগ্রহটা দারুণ। এএইচএফ কাপ হকি দেশের হকিতে নতুন যুগের সূচনা ঘটাবে।’

প্রতিযোগিতাটিতে স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, উজবেকিস্তান, শ্রীলঙ্কা এবং চীনা তাইপের মুখোমুখি হবে বানসালের শিষ্যরা। কোচের মতে উজবেকিস্তান এবং হংকং ছাড়া যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ, ‘উজবেকিস্তান আর হংকং বেশ কঠিন প্রতিপক্ষ। এরা দক্ষতা এবং শারীরিক দিক থেকে বেশ এগিয়ে। আমাদের মেয়েরাও দক্ষতার দিক থেকে ভালো। দল দু’টিকে ছাড়া অন্য যে কোনো দলকে হারানো সম্ভব।’

তবে অধিনায়ক রিতু খানম প্রত্যাশার পারদটাকে চড়ে বসতে দেননি। জানালেন, অন্তত একটা জয়ই চাওয়া দলের, ‘আমাদের দলটা বেশ শক্তিশালী, বেশ আত্মবিশ্বাসীও। পাঁচ ম্যাচের অন্তত একটিতে জয় তুলে আনতে চাই আমরা।’

বাংলাদেশ নারী হকি দল

রিতু খানম (অধিনায়ক), রিয়া আক্তার স্বর্ণা (সহ-অধিনায়ক), সুমি আক্তার, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রিয়া মনি, পারভিন আক্তার, লিমা খাতুন, ফারদিয়া আক্তার, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মুকসেদা আক্তার, নাদিরা, নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার, অর্পিতা পাল ও তাসমিম আক্তার।

সিঙ্গাপুরে বাংলাদেশ দলের সূচি

তারিখ                        প্রতিপক্ষ

৯ সেপ্টেম্বর                 সিঙ্গাপুর

১০ সেপ্টেম্বর              শ্রীলঙ্কা

১২ সেপ্টেম্বর               হংকং

১৪ সেপ্টেম্বর              উজবেকিস্তান

১৫ সেপ্টেম্বর              চীনা তাইপে