তাজিকিস্তান গেল ফুটবল দল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৮

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে গতকাল রবিবার তাজিকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আফগানদের বিপক্ষে ম্যাচটি আগামী ১০ সেপ্টেম্বর হলেও তাজিকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নয় দিন আগেই সেখানে পৌঁছেছেন কোচ জেমি ডের শিষ্যরা।

লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। জয়টি জামাল ভুঁইয়ার দলকে দ্বিতীয় ধাপে উন্নীত করে। এবার ‘ই’ গ্রুপে জেমি ডের দলের লড়াইটা হবে র্যাংকিংয়ে নিজেদের চেয়ে বেশ এগিয়ে থাকা আফগানিস্তান, ভারত, কাতার এবং ওমানের সঙ্গে। যার শুরুটা হবে আগামী ১০ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়ে। 

যুদ্ধবিধ্বস্ত আফগানরা নিজেদের মাঠে খেলতে পারবে না, ব্যাপারটা অনুমিতই ছিল। অনেক জল্পনা কল্পনার শেষে গত মাসে তাজিকিস্তানকেই নিজেদের ‘হোম’ হিসেবে ঘোষণা দেয় তারা। আফগানদের মুখোমুখি হবার আগে আগামীকাল মঙ্গলবার স্থানীয় দল এফসি কুকতোশের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিএসকেএ পামির। ৫ সেপ্টেম্বর ম্যাচটি খেলবে বাংলাদেশ।