স্পোর্টস ডেস্ক
ওসাসুনার মাঠে দল তখন এক গোলে পিছিয়ে। এমন সময়ে সতীর্থ কার্লোস পেরেজের ক্রসে মাথা ছুঁইয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান দলটির কিশোর ফরোয়ার্ড আনসুমান ফাতি। আর তাতেই লা লিগায় গোল করা সর্বকনিষ্ঠ বার্সেলোনা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি এবং বোজান ক্রকিচকে ছাড়িয়ে যান তিনি।
গত শনিবার ওসাসুনার বিপক্ষে গোলটি করার সময়ে তার বয়স ছিল ১৬ বছর ৩০৪ দিন যা আগের রেকর্ড থেকে ১১৪ দিন কম। ২০১২ সালের আগস্টে ১৭ বছর ৫৩ দিন বয়সে গোল করে লিওনেল মেসি থেকে রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন ক্রকিচ। ২০০৪ সালে ১৭ বছর ৩৩১ দিন বয়সে এসেছিল মেসির গোলটি। লা লিগার হিসেবে ফাতি তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা। তার আগে আছেন সাবেক মালাগা খেলোয়াড় ফ্যাব্রিস ওলিঙ্গা এবং অ্যাথলেটিক বিলবাও মিডফিল্ডার ইকার মুনিয়াইন।
তবে ফাতির এমন কীর্তির দিনেও প্রতিপক্ষের মাঠে জয় অধরাই রয়ে গেছে বার্সার। শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ গোলে ড্র করে দলটি।
