রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে হাটপাঙ্গাসী বাজার আঞ্চলিক সড়ক দীর্ঘ চার বছর সংস্কার না করায় সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে, এতে লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে। সড়ক ছোট বড় অনেক খানাখন্দে ভরা। বৃষ্টি হলে কোথাও কোথাও পানি জমে ডোবার মতো হয়ে থাকে। এপাশ ওপাশ করে হেলেদুলে কোনোরকম চলাচল করে ভ্যান, অটোরিকশাসহ অন্য যানবহন। গ্রামপাঙ্গাসী বাজার থেকে হাটপাঙ্গাসী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে পিচ, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ভ্যানগাড়ি কিংবা অটোরিকশায় মালামাল নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে। এ অবস্থায়, রাস্তাটুকু সংস্কার করার জন্য আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর,

রায়গঞ্জ, সিরাজগঞ্জ